News

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি© ঢাকা ডায়েরি

সব ধর্মের মানুষের অংশগ্রহণে একটি সুন্দর ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি।

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মঠমন্দির সার্বজনীন দুর্গাপূজা মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা সকলের অংশগ্রহণে, সকল ধর্মের মানুষ মিলেমিশে একটি সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই। আমাদের সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠান হলেও এই উৎসবে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করে। তাই আমি মনে করি, উৎসব সবারই। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের নেতা-কর্মীসহ সকলের সহযোগিতায় এবারের শারদীয় উৎসব নির্বিঘ্ন ও উৎসবমুখরভাবে আমরা শেষ করতে পেরেছি।”

এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মঠমন্দির সার্বজনীন দুর্গাপূজা মন্দির পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী পর্যায়ক্রমে গোয়ালন্দের অন্যান্য পূজামণ্ডপও পরিদর্শন করেন।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button