বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশনে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা, পুলিশে দিল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ৪৫তম বিসিএস এর গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচিমঞ্চ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার পদধারী নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে (দিবাগত রাত সোয়া ১২টা) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। আটক ব্যক্তিরা ঘটনাস্থলেই নিষিদ্ধ সংগঠনটির সঙ্গে নিজেদের সম্পৃক্ততা ও পদবি স্বীকার করেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের যৌক্তিক দাবির মুখে শুরু হওয়া এই অনশন কর্মসূচিতে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় নেতা-কর্মীদের উপস্থিতি রয়েছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে যান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ কয়েকজন নেতাকর্মী। পরবর্তীতে প্রক্টর প্রাঙ্গণে অবস্থানরত পুলিশকে অবহিত করলে চারজনকে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ফেরদৌস খান ও অমর একুশে হল শাখার সাবেক সহসভাপতি একরাম গাজী হৃদয়। অন্য দুজন হলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হল শাখার সাবেক উপসাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম এবং একই হলের ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মনিরুজ্জামান মনির।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা নাসির উদ্দিন শাওন বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন পদে দায়িত্বে থাকা পদধারীদের অনশন থেকে চিহ্নিত করার পরই পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন জানান, ঢাবি প্রক্টরিয়াল টিমের সহায়তায় শাহবাগ থানা পুলিশ তাঁদের হেফাজতে নেয়। আটক চারজন পদধারী ছাত্রলীগ নেতা ছিলেন নিশ্চিত হওয়ার পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই ও প্রাসঙ্গিক প্রক্রিয়া শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সূত্রঃ প্রথম আলো
source: The Delta Lens