স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব সংবিধান সংশোধন কমিটির বৈঠকে

বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’-এ কোনো পরিবর্তন চাইলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে এসে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার জাতীয় সংসদের কেবিনেট কক্ষে দেশের প্রথিতযশা সংবিধান বিশেষজ্ঞ ও সিনিয়র আইনজীবীদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার বিষয়ে বিশেষজ্ঞ এবং বিশিষ্ট নাগরিকদের প্রস্তাবনা শুনতে পর্যায়ক্রমে এসব বৈঠকের আয়োজন করছে কমিটি।
বৈঠকের আলোচনা সম্পর্কে সালাহউদ্দিন আহমদ জানান, বিচার বিভাগকে যুক্ত না করে বিরোধী দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে জাতীয় সংসদের স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার বিষয়ে অনেকে প্রস্তাব দিয়েছেন।
তিনি বলেন, ‘সঠিক প্রক্রিয়ায় সবার মতামত নিয়ে আলোচনার মাধ্যমেই সংবিধান সংশোধন করা হবে। অতীতে আওয়ামী লীগ বেআইনিভাবে ক্ষমতা দীর্ঘায়িত করতে একদলীয় কায়দায় নিজেদের মতো সংবিধান সংশোধন করেছিল। কিন্তু জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার সেই পথে হাঁটবে না।’
আইনজীবীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে মূলত সংবিধানের ৭০ অনুচ্ছেদ, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, মৌলিক অধিকার সংরক্ষণ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পদ্ধতি এবং তত্ত্বাবধায়ক সরকার গঠনের নতুন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সালাহউদ্দিন আহমদ আরো জানান, গণভোটের আইনি প্রশ্ন নিয়ে বিতর্ক থাকলেও গণভোটে দেওয়া জনগণের রায়কে তারা সম্মান করেন। তবে ভবিষ্যতে আবার গণভোট হলে তা হবে সংবিধান সংস্কার সম্পর্কিত।
সংবিধান সংস্কারে বিরোধী দলের অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন কমিটির সভাপতি। তিনি বলেন, ‘বিরোধী দল যদি চায় বিএনপি তাদের ‘নোট অব ডিসেন্ট’ শিথিল করুক, তবে তাদের বৈঠকে এসে কথা বলতে হবে। আমরা চাই বিরোধী দল এই ঐতিহাসিক সংবিধান সংশোধন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করুক।’
source: Daily Amar Desh