দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

টঙ্গীর একটি মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যে দেশ ছেড়েছেন বলে জানিয়েছেন শিশুটির বাবা শাহজালাল রুমি। সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় তিনি নিজেই এ তথ্য জানান। তবে তিনি কোন দেশে অবস্থান করছেন, সে বিষয়ে কিছু উল্লেখ করেননি।
খুদেবার্তায় শাহজালাল রুমি বলেন, ‘আমি এই দেশে আর নাই। এগুলা নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।’
একই বার্তায় মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে রুমি বলেন, ‘একজন আলেম হয়েও তিনি অনেক মিথ্যা বলেছেন এবং এখনো বলে যাচ্ছেন।’
গত ২১ অক্টোবর টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। অভিযুক্ত শিক্ষক মোসলেম উদ্দিন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
এ ঘটনায় শিশুটির বাবা শাহজালাল রুমি মাদ্রাসায় গিয়ে মোসলেম উদ্দিনকে মারধর করেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে এ ঘটনায় মামলা হলে পুলিশ মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার দেখায়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর আগে শিশুটির বাবা শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন।
এরপর মাদ্রাসার অধ্যক্ষের পক্ষ থেকে শাহজালাল রুমির বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে।
পাল্টা মামলা দায়েরের পর থেকেই শাহজালাল রুমি আড়ালে চলে যান। এর মধ্যে সোমবার রাতে খুদেবার্তায় তিনি দেশ ছেড়েছেন বলে জানান। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
source: The Daily Campus