News

যুদ্ধ বন্ধে ইরানের শর্ত পূরণের আহ্বান মোজতবা খামেনির

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে ইরানের পক্ষ থেকে দেওয়া শর্তগুলো পূরণের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

বৈঠকে ইরানের নিরাপত্তা পরিস্থিতি এবং বিভিন্ন খাতে চলমান কার্যক্রম সম্পর্কে সর্বোচ্চ নেতাকে অবহিত করেন রেজায়ি। এ সময় ইরানের জনগণের অধিকার এবং ‘প্রতিরোধ ফ্রন্টের’ স্বার্থ রক্ষার ওপর গুরুত্ব দেন মোজতবা খামেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের অবসানে ইরানি কর্মকর্তাদের নির্ধারিত শর্তগুলো পূরণের মাধ্যমে এসব স্বার্থ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন মোজতবা খামেনি। রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও নিরাপত্তাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পরিচালনা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন ইরানের সর্বোচ্চ নেতা।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে মোজতবা খামেনিকে অবহিত করেন রেজায়ি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত অবসানে কূটনৈতিক তৎপরতা চলার মধ্যেই এ বক্তব্য দিলেন মোজতবা খামেনি। উত্তেজনা কমানো ও আলোচনার পথ সুগম করতে আঞ্চলিক দেশগুলোও উদ্যোগ নিচ্ছে।

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। উত্তেজনা প্রশমন এবং দীর্ঘস্থায়ী সমাধানের পথ তৈরির বিষয়েও দেশগুলোর মধ্যে আলোচনা চলছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এআর

source: Barta Bazar

Leave a Reply

Back to top button