News
পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনার বিষয়ে জামায়াতের তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
বৈঠকে পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করে এর সাথে সংগঠনের কেউ জড়িত রয়েছেন কিনা তা কমিটি তদন্ত করে দেখবে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিরোজপুরে সাম্প্রতিক ঘটনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে সংগঠনের কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখবে কমিটি। এ বিষয়ে তদন্ত কমিটিকে সার্বিক সহযোগিতা করতে স্থানীয় সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির সদস্য করা হয়েছে সাইফুল আলম খান মিলন এমপি ও নূরুল ইসলাম বুলবুল এমপিকে।
প্রসঙ্গত, গত শনিবার (২৪ অক্টোবর) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের জামাইয়ের বাড়িতে মানিক পশারীর মৃত্যু হয়। দুপুরে তার মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে নেয়া হলে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ দেয়ার উদ্যোগকে কেন্দ্র করে আপত্তি ও উত্তেজনা সৃষ্টি হয়।
পরিবারের অভিযোগ, স্থানীয় জামায়াত নেতাকর্মী ও কয়েকজন ব্যক্তি এ সময় বাধা দেন। পরে পুলিশ মরদেহটি পিরোজপুর পুলিশ লাইন্সে নিয়ে যায়। সেখানে বিকেল ৫টার দিকে তাকে গার্ড অব অনার দেয়া হয়।
source: The Daily Campus