News

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের আগের দিন নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে অসন্তোষের প্রেক্ষাপটে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত রয়েছেন। ১১ দলীয় ঐক্যের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

বৈঠকের আগে সাংবাদিকদের তিনি জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় তুলে ধরা হবে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে লিখিত প্রস্তাবনা জমা দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পর্যন্ত পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের সময়সূচি নির্ধারিত রয়েছে।

১০ সদস্যের প্রতিনিধি দলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আব্দুল বাতেন এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানসহ জোটের শীর্ষ নেতারা রয়েছেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কতটা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে, তা নিয়ে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রচারণার সময় ক্ষমতাসীন দলের বিরুদ্ধে নির্বাচনী অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছিল দলটি।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button