News

জাপানের সঙ্গে ৬ সহযোগিতা দলিল সই, দুটি প্রকল্পে ২৯ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার ঋণের প্রতিশ্রুতি 

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও তারেক রহমান© সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দেশটির সঙ্গে একটি অনুদান চুক্তিসহ ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি দুটি প্রকল্প বাস্তবায়নে প্রায় ২৯ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।
 
বুধবার(২৮ অক্টোবর) রাতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে উপপ্রেসসচিব শাহাদাত স্বাধীন এসব তথ্য জানান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
 
স্বাক্ষরিত দলিলগুলোর মধ্যে বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা জোরদারে একটি টহল জাহাজ সরবরাহের জন্য সর্বোচ্চ ১ কোটি ৩৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের অনুদান চুক্তি রয়েছে। এ ছাড়া জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
 
জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পৃথক দুটি সহযোগিতা স্মারক সই হয়েছে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির কর্মসূচি নিয়েও একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াতে জাপানের পরিবেশ মন্ত্রণালয় এবং বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে একটি আগ্রহপত্র স্বাক্ষরিত হয়েছে।
 
অন্যদিকে, বিনিয়োগ পরিবেশ উন্নয়নের একটি প্রকল্প বাস্তবায়নে ১৫ দশমিক ৮৮ বিলিয়ন জাপানি ইয়েন বা ১০ কোটি ৮ লাখ মার্কিন ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে জাপান। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নে দেওয়া হবে আরও ৩০ দশমিক ৬৮ বিলিয়ন ইয়েন বা ১৯ কোটি ৪৭ লাখ ডলার। দুই প্রকল্পে ঋণের মোট পরিমাণ ৪৬ দশমিক ৫৬ বিলিয়ন ইয়েন, যা প্রায় ২৯ কোটি ৫৫ লাখ মার্কিন ডলারের সমান।
 
প্রধানমন্ত্রীর সফরে এসব চুক্তি, সহযোগিতা দলিল ও ঋণের প্রতিশ্রুতিকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। সফরকালে দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, অর্থনৈতিক উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
 
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
 
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button