News

সরকার পতনের আন্দোলনে জনগণ আপনাদের সঙ্গে থাকবে না: সংসদ সদস্য নুরুল আমিন

ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা সফল হবে না মন্তব্য করে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেন, ‘যারা গণতন্ত্রের মধ্য দিয়ে, ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে না, তারা ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। আপনাদের ডাকে বাংলাদেশের মানুষ ছয় মাস আগেও সাড়া দেয়নি, এখনো দেবে না। সরকার পতনের আন্দোলনেও এ দেশের মানুষ আপনাদের সঙ্গে থাকবে না। কারণ, মানুষ আপনাদের বিশ্বাস করে না।’

বুধবার (২৮ অক্টোবর) রাতে চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট কলেজ মাঠে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল আমিন বলেন, ‘এ দেশের মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা ১৭ বছর আন্দোলন করেছি। শেখ হাসিনার পতনের পরও আপনারা তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আঁতাত করে নির্বাচন হতে দেবেন না বলে গণতন্ত্রের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। আপনারা বারবার এ দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এবারও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছিলেন।’

আরও দেখুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে

তিনি আরও বলেন, ‘ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। অতীতেও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। আপনারা এক দফার আন্দোলনের ডাক দেবেন, সরকার পতনের ডাক দেবেন। কিন্তু এ দেশের মানুষ আপনাদের সঙ্গে থাকবে না।’

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে সংসদ সদস্য বলেন, মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১৬২টি দল এ টুর্নামেন্টে অংশ নিয়েছে। উৎসবমুখর পরিবেশে ওয়ার্ড পর্যায়ের খেলা শেষ হয়েছে। এ টুর্নামেন্ট থেকে ভালো মানের ফুটবলার তৈরি হবে, যাঁরা একসময় জাতীয় পর্যায়ে খেলে মিরসরাইয়ের সুনাম বয়ে আনবেন।

তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও খারাপ কাজ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।

জাতীয়তাবাদী ছাত্রদল ক্রীড়া কমিটির উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।

আরও দেখুন: ৬৪ জেলায় ১০ হাজারের বেশি পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার, আবেদন শেষ আগামীকাল

হিঙ্গুলী ইউনিয়ন পর্যায়ের ফাইনালে ১ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ টাইব্রেকারে ৫-৪ গোলে ২ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে, বারইয়ারহাট পৌরসভা পর্যায়ের ফাইনালে ৫ ও ৯ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ ২-১ গোলে ১ ও ৪ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশকে হারিয়ে শিরোপা লাভ করে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button