News

টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান© সংগৃহীত
জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান।
 
গতকাল বুধবার (২৮ অক্টোবর) দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি একটি হাসপাতাল, একটি হোম-কেয়ার নার্সিং সেন্টার ও টোকিও ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করেন। পরে জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডা. জুবাইদা রহমান।
 
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান। সকালে টোকিওর হানেদা ইনোভেশন সিটিতে অবস্থিত ফুজিতা হেলথ ইউনিভার্সিটি হানেদা ক্লিনিক পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন ডা. জুবাইদা রহমান।
 
আরও পড়ুন
 
এসময় তাকে ক্লিনিকের উন্নত চিকিৎসাপ্রযুক্তি ও বিভিন্ন স্বাস্থ্যসেবা সম্পর্কে অবহিত করা হয়। সংশ্লিষ্টরা জানান, বিশ্বে এ ধরনের মাত্র পাঁচটি সিটি স্ক্যানার রয়েছে। 
 
এছাড়া ডা. জুবাইদা রহমান পেট-সিটি ও এমআরআই সুবিধা এবং বিভিন্ন নমুনা সংগ্রহে ব্যবহৃত রোবট প্রযুক্তি সম্পর্কে ধারণা নেন। পরে তিনি টোকিওর বুনকিও-কু এলাকায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটি-ভিত্তিক হোম-কেয়ার নার্সিং সেন্টার হংগো পরিদর্শন করেন।
 
সেখানে তিনি নার্সিং ও পুনর্বাসনকেন্দ্রের কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
 
দুপুরের খাবারের পর ইউয়েনো পার্কে অবস্থিত টোকিও ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান। সেখানে তিনি জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন।
 
বিকেলে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডা. জুবাইদা রহমান।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button