News

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, সতর্ক থাকার আহ্বান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে চাকরিপ্রার্থীদের তথ্য সংগ্রহের জন্য একটি অননুমোদিত গুগল ফরম ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, সম্প্রতি তাদের নজরে এসেছে যে, বিমানের নামে একটি গুগল ফরম ছড়িয়ে পড়েছে। তবে এই ফরমের সঙ্গে কিংবা এর মাধ্যমে পরিচালিত কোনো কার্যক্রমের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো সম্পর্ক নেই। এ ধরনের কোনো ফরম বিমান চালু বা অনুমোদন করেনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানের নিয়োগ-সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়। এসব নিয়োগে আবেদন গ্রহণ ও ব্যবস্থাপনার কাজ করা হয় টেলিটকের নির্ধারিত অনলাইন নিয়োগ ব্যবস্থার মাধ্যমে। এ ছাড়া নিয়োগ-সংক্রান্ত তথ্য ও বিজ্ঞপ্তি বিমানের অনুমোদিত ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।

এ অবস্থায় বিমানের নামে প্রচারিত কোনো অননুমোদিত গুগল ফরম বা অপরিচিত লিংকে ব্যক্তিগত তথ্য না দেওয়া এবং কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ছাড়া নিয়োগ-সংক্রান্ত যেকোনো তথ্য জাতীয় দৈনিক পত্রিকা, বিমানের অনুমোদিত ওয়েবসাইট এবং টেলিটকের নিয়োগ পোর্টাল থেকে যাচাই করে নেওয়ার জন্যও জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে বিমান।

এআরবি

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button