News

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও উৎপাদন বাড়ানো গেলে সমস্যার সমাধান সম্ভব: জামায়াত আমির

গার্মেন্টস শিল্পের চলমান অস্থিরতাকে খুবই উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সব পক্ষকে সংযম প্রদর্শন করে মালিক এবং শ্রমিক উভয় পক্ষকে রক্ষায় দায়িত্বশীল ভূমিকা সরকারকে পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা।

এছাড়া, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও উৎপাদনের গতি বাড়ানো গেলে সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই অবস্থান জানিয়েছেন তিনি। জামায়াত আমির লিখেছেন, প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্প কঠিন অবস্থা অতিক্রম করছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের ব্যর্থতা, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন খরচ বৃদ্ধি, বিশ্ববাজারে এ খাতের অনিশ্চয়তা এবং ক্রয়াদেশ বাতিল, প্রত্যাহার কিংবা আগের মতো না পাওয়া জনিত কারণে তৈরি পোশাক খাত কঠিন সময় পার করছে। অন্যদিকে ঘরভাড়া, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, যাতায়াত খরচ, চিকিৎসা খরচসহ এ শিল্পে কর্মরত জনশক্তির জীবনও কঠিন সংকটের মুখোমুখি।

বিরোধীদলীয় নেতা লিখেছেন, প্রধান এই রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে খাতটি যেসব সমস্যায় জর্জরিত হয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তা দূর করার জন্য সরকারকে দ্রুতই টেকসই পদক্ষেপ নিতে হবে। যদি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও উৎপাদনের গতি বাড়ানো যায়, তখন এই সমস্ত সমস্যাগুলো যৌক্তিকভাবে বিবেচনায় নিয়ে সমাধান করা সম্ভব।

শফিকুর রহমান লিখেছেন, শিল্প বাঁচলে শুধু মালিক বাঁচবে না, দেশও বাঁচবে। সুতরাং শিল্প উদ্যোক্তা ও শিল্পে নিয়োজিত জনশক্তি—দুটোকেই বাঁচানোর দায়িত্বশীল ভূমিকা সরকারকে পালন করতে হবে। সকল পক্ষকে সংযম প্রদর্শন ও নিজ নিজ জায়গা থেকে দায়িত্ববোধের পরিচয় দেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি। এ ক্ষেত্রে যেকোনো ব্যর্থতা দেশের সমুদয় ভঙ্গুর অর্থনীতিকে ধ্বংসের শেষপ্রান্তে নিয়ে যাবে। এখানে কালক্ষেপণের সুযোগ নেই।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button