News

রাজধানীতে এক দিনের ব্যবধানে ফের বাসে আগুন

রাজধানীর মিরপুরে বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার বারিধারার নতুন বাজারে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার এক দিনের ব্যবধানে এ ঘটনা ঘটল। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে মিরপুর-১২ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জালাল উদ্দিন বলেন, মেট্রো স্টেশনের পাশে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশের দল ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

জানা গেছে, বিহঙ্গ পরিবহনের বাসটির পেছনের অংশে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসের চালক ও সহকারী তা নিভিয়ে ফেলেন। এতে বাসটির কয়েকটি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে বাসটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর বারিধারার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে বারিধারার ৭ নম্বর সড়কের জে ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, শুক্রবার বিকেল ৫টা ৪৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পান তাঁরা। পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার-নতুন বাজার রুটে চলাচলকারী বাসটি নতুন বাজারে যাত্রী নামানোর কিছুক্ষণ পর আগুন দেওয়া হয়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত করতে পারেননি পরিবহন কোম্পানির কর্মকর্তারা।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button