নতুন পররাষ্ট্রসচিব নিয়োগ পেলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হচ্ছেন। রবিবার (৮ নভেম্বর) এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদ আলম সিয়ামের বিদায় অনুষ্ঠান আয়োজন করে মন্ত্রণালয়।
২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন আসাদ আলম সিয়াম। নতুন দায়িত্বে তিনি ভারতের দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে যোগ দেবেন।
অন্যদিকে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। সরকার ইতোমধ্যে তাঁকে জাতিসংঘ থেকে দেশে ফিরিয়ে এনেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফরেও তিনি সঙ্গী হয়েছিলেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার আগে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন সালাহউদ্দিন নোমান চৌধুরী।
source: The Daily Campus