News

ধান মাড়াইকল উল্টে যুবকের মৃত্যু, আহত ২

শেরপুরের ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সুজন মিয়া ও শিহাব নামে আরও দুইজন আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসাইন আলম উপজেলার তাওয়াকোচা গ্রামের গুঞ্জর আলীর ছেলে। আহত সুজন মিয়া একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে। অপর আহত শিহাবের বাবার নাম করিম আলী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়ক দিয়ে ধান মাড়াইকলটি নিয়ে যাওয়ার সময় হঠাৎ সেটি উল্টে যায়। এতে মাড়াইকলের নিচে চাপা পড়ে হোসাইন আলমসহ তিনজন আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হোসাইন আলমকে মৃত ঘোষণা করেন। আহত সুজন মিয়া ও শিহাবের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button