এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার পর এবার রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করছে পুলিশ।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালিবাগের বীর উত্তম শামসুল আলম সড়কে সিআইডি কার্যালয়ের সামনে এ বিস্ফোরণ ঘটে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা সিআইডি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে, রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি স্থানে কয়েক মিনিটের ব্যবধানে হাতবোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে টিএসসির মেট্রোরেল স্টেশনের নিচে, সিনেট ভবনসহ ক্যাম্পাসের কয়েকটি স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ সময় শিক্ষার্থীরা দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
source: The Daily Campus