সরকারের পক্ষ থেকে ঐক্যের আহ্বান পেলে মাঠে নামবে বিরোধীদল: জামায়াত

বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, যানবাহনে আগুনের মত ঘটনা রাজনৈতিকভাবে প্রতিরোধে জামায়াতে ইসলামী রাজপথে নামবে, যদি সরকারের তরফ থেকে ঐক্যের আহ্বান আসে। এছাড়া নামবে না। তবে যদি পরিস্থিতির অবনতি হয়, তাহলে যে কেনো সময়ে নামার প্রস্তুত থাকবে।
মঙ্গলবার বিরোধীদলের সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়। সভা সূত্র গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। সংসদের বৈঠকের আগে বিরোধীদলের সভাকক্ষে এই সভা হয়।
নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘট ঠেকাতে গত দুইদিন রাজপথে রয়েছে বিএনপি। নানান জায়গায় নাশকতার প্রচেষ্টা ঠেকিয়েছে। ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়ার সময় অনেককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে জামায়াত নেতাকর্মীরা রাজপথে এভাবে সক্রিয় ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির দিনে। তবে বিএনপি সরকারের সময় আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে মাঠে নেই। এ জন্য বিএনপি, যুবদল, ছাত্রদল নেতারা সমালোচনা করছে জামায়াতের।
জামায়াত সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েই এবার রাজপথে নেই। কারণ তাদের মনে হচ্ছে, সরকার বিরোধী দলকে নানাভাবে হয়রানি করছে। বিরোধীদলীয় এমপিদের বিরুদ্ধে গোয়েন্দার সংস্থার ব্যবহার করছে। খোদ প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের অভিযোগ করেছেন।
মঙ্গলবার সংসদীয় দলের সভাতেও এই প্রসঙ্গগুলো আসে বলে জানিয়েছে সভা সূত্র। পর পর সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে একই ইঙ্গিত দেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকারের একজন প্রতিমন্ত্রী জামায়াতের একজন সংসদ সদস্যকে টেলিফোন করতে চান, বিরোধী দল কেনো রাজপথে নামছে না। সেই প্রতিমন্ত্রীর পাশে বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা ছিলেন। অনির্বাচিত প্রতিমন্ত্রী একজন নির্বাচিত সংসদ সদস্যকে কীভাবে শাসান- এই প্রশ্ন তোলেন জামায়াত আমির।
সভা সূত্র জানিয়েছে, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফোন করেছিলেন ঢাকা-১৬ আসনের জামায়াতের এমপি কর্নেল (অব.) আবদুল বাতেনকে। প্রতিমন্ত্রী মিরপুর এলাকায় জামায়াতের নেতাকর্মীদের মাঠে নামাতে বলেছিলেন।
সভায় উপস্থিত একাধিক এমপি গণমাধ্যমকে বলেছেন, এই টেলিফোন আলাপ নিয়ে কথা হয়। আলোচনা হয়, বিরোধী দলের নেতাকর্মীরা প্রস্তুত থাকবেন মাঠে নামার জন্য। কিন্তু সরকার যতক্ষণ আনুষ্ঠানিকভাবে ঐক্যের ডাক না দেবে, ততক্ষণ নামবে না। তবে পরিস্থিতির অবনতি হলে আওয়ামী লীগ ঠেকাতে নামবে।
বিরোধীদলীয় নেতা সংসদে বলেছেন, ‘সরকার যদি একাই সব পারে ভালো। সরকার যদি ব্যর্থ হয়, বিরোধী দল দায়িত্ব পালনে ব্যর্থ হবে না।
বিরোধী দলের একাধিক এমপি জানান, বোমাবাজি, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে শিগগির রাজনৈতিক কর্মসূচি দিতে পারে জামায়াত।
শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ অন্য এমপিরা। প্রধানমন্ত্রীর জাপান সফর ও মাতারবাড়ি চুক্তি নিয়ে আলোচনা হয়। সমসাময়িক পরিস্থিতি, গঙ্গা চুক্তি নবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে অনিয়ম নিয়ে আলোচনা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শফিকুর রহমান বলেন, মাতারবাড়ি প্রকল্পে কী হচ্ছে, তা নিয়ে জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাপানের সঙ্গে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা করা হচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপকর্ম ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের এই দুর্বলতার সুযোগ নিচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী।
ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে অগ্নিসংযোগের জন্য জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করেছে জামায়াতে ইসলামী। কার্যক্রম নিষিদ্ধ এই দলটি সরকারের ব্যর্থতায় এসব নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।
মঙ্গলবার বিবৃতিতে এসব কথা বলেছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা নাশকতা দমনে ব্যর্থ হচ্ছে। সরকারকে কঠোর হাতে নাশকতা দমন করতে হবে। তা না হলে এর ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে।
source: Barta Bazar