আ’লীগের আমলেও কোটি টাকার ব্যবসা থাকলে স্বামী-স্ত্রীর চাকরি পছন্দ করি না বলা সহজ: ফাহাম আব্দুস সালাম

লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম বলেছেন, কোটি কোটি টাকার ব্যবসা থাকলে আওয়ামী লীগ সরকারের আমলেও স্বামী-স্ত্রীর চাকরি করা পছন্দ করেন না, এমন কথা বলা সহজ। পরিবারের আর্থিক বাস্তবতা ও বাজারের খরচের অভিজ্ঞতা না থাকলে এ ধরনের মন্তব্য করা সহজ বলেও ইঙ্গিত করেছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ফাহাম আব্দুস সালাম।
ফেসবুক পোস্টে ফাহাম আব্দুস উল্লেখ করেন, ‘কোটি কোটি টাকা থাকলে, এমন কি আওয়ামী লীগের আমলেও কোটি কোটি টাকার ব্যবসা করলে খুব সহজেই বলা যায় যে স্বামী-স্ত্রীর চাকরি করা আমি পছন্দ করি না। বাজারে যান এবং জনগণের কাছে দুই হাত জোর করে ক্ষমা চান যে আপনাদের কষ্ট হচ্ছে। যেই পুরুষ মানুষের বাজার করতে হয় না— লম্বা লম্বা কথা বলাটা তার জন্য ওয়ান টুর ব্যাপার।’
এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক— ব্যক্তিগতভাবে এটি পছন্দ করি না। যৌথভাবে উপার্জন বা উভয় পক্ষ চাকরি করায় আইনগত কিংবা সামাজিক বাধা না থাকলেও, সন্তানদের লালন-পালনের ক্ষেত্রে এর ক্ষতিকর প্রভাব পড়ে।’
ওই অনুষ্ঠানে মন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। এর প্রধান কারণ হলো, এর সরাসরি প্রভাব গিয়ে পড়ে সন্তানদের ওপর।’ তিনি আরও স্পষ্ট করে বলেন, ‘মেয়েরা কেবল সন্তান লালন-পালনের জন্যই জন্মেছে— বিষয়টি মোটেও এমন নয়। সন্তান অন্য কেউও লালন-পালন করতে পারে, কিন্তু বাবা-মায়ের নিবিড় ছায়ায় বড় হলে তাদের মধ্যে একটি অন্যরকম মানসিক উপলব্ধি ও মূল্যবোধ তৈরি হয়।’
বিষয়টি যেন গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত না হয় সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘একই পরিবারে দুজন চাকরি করুক তাতে আমার কোনো আপত্তি নেই, তবে একজন চাকরি করলে পরিবারের জন্য ভালো হয়— এটি একেবারেই আমার ব্যক্তিগত অভিমত।’
source: The Dhaka Diary