বাকৃবিতে আটকের পর মুচলেকায় মুক্তি সাবেক ছাত্রলীগ নেতার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক সাবেক নেতাকে সন্দেহজনক চলাফেরার অভিযোগে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তবে তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক শিক্ষার্থীর নাম মো. ফাহিম শাহরিয়ার রিফাত। তিনি বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল শাখা ছাত্রলীগের সাবেক উপক্রীড়া সম্পাদক এবং ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী।
জানা গেছে, দীর্ঘদিন পর ফাহিম শাহরিয়ারকে ক্যাম্পাসে চলাফেরা করতে দেখে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকেন। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।
বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান দাবি করেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নাশকতার আশঙ্কা রয়েছে।
তিনি জানান, সোমবার (৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেটসংলগ্ন রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। এর মধ্যেই ফাহিম শাহরিয়ারকে আটক করে প্রশাসনের কাছে দেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ রানা জানান, সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে কয়েকজন শিক্ষার্থী ফাহিমকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে নিয়ে আসেন। পরে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই করা হয়।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ফাহিমের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ডও পাওয়া যায়নি। এ কারণে প্রক্টরের নির্দেশে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল আলীমও জানিয়েছেন, ক্যাম্পাসে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রক্টরিয়াল বডি সতর্ক রয়েছে। ফাহিম শাহরিয়ার লিখিতভাবে জানিয়েছেন, তিনি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।
ঘটনার সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবসহ সংগঠনটির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
source: The Dhaka Diary