আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে হট্টগোল

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ সময় পাল্টাপাল্টি বক্তব্যে রাজনৈতিক দল ও ব্যক্তিদের সম্পৃক্ততার ইঙ্গিত নিয়ে সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
অন্যদিকে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রীর বক্তব্য ঘিরে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে হট্টগোল হয়। এ দুই ঘটনায় বুধবার কিছু সময়ের জন্য সংসদীয় কার্যক্রমে বিঘ্ন ঘটে।
বুধবার গার্মেন্টস শ্রমিকদের সাম্প্রতিক আন্দোলন, পার্বত্য অঞ্চলের অস্থিরতা এবং বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলাসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩০০ বিধিতে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের তুলনায় ভালো। একই সঙ্গে শ্রমিক আন্দোলনসহ বিভিন্ন ক্ষেত্রে অস্থিরতা সৃষ্টির পেছনে পতিত ফ্যাসিস্ট শক্তিকে দায়ী করেন তিনি।
তার বক্তব্যে নাম উল্লেখ না করে বিরোধী দলকে ইঙ্গিত করা হয়েছে এমন অভিযোগ ওঠে। পরে ফ্লোর নিয়ে জবাব দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
৩০০ বিধির বিবৃতিতে বিরোধী দলের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা সাম্প্রতিক অস্থিরতায় সীমান্তের ওপার থেকে সুড়সুড়ি দেওয়ার কথা বলেছেন। এ বিষয়ে আমি একমত। ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকজনের গোপন বৈঠকের কথাও জনগণ জানতে চায়।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে ভিডিওকলে পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট নেত্রী তার দলের নেতাদের জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি এবং তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ দিচ্ছেন। জুলাই আন্দোলনকারীদের শাস্তি দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। তবে গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।
আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সরকারের শ্রদ্ধাশীল অবস্থানের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চায় না সরকার। তবে প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করা হবে না। বিগত সরকারের আমলের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ, গায়েবি মামলা এবং জুলাই আন্দোলনে হতাহতের ঘটনায় বিচারের অঙ্গীকারের অংশ হিসেবে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম জেলায় জেলায় পরিচালিত হবে বলেও জানান তিনি।
source: Daily Amar Desh