News

হাসপাতালে ভর্তি বিএনপি এমপি বাবরের অপারেশন

মেরুদণ্ডের জটিল সমস্যায় উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার হাসপাতালে ভর্তি থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বেলা ২টার দিকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে তার অস্ত্রোপচার করা হয়।

নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন লুৎফুজ্জামান বাবর। একই সঙ্গে দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন কারাভোগের কারণে বাবর মেরুদণ্ডের তীব্র ব্যথা, কিডনি জটিলতা ও শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। কারামুক্তির পর দেশে চিকিৎসা নিলেও চিকিৎসকদের পরামর্শে সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার মেরুদণ্ডে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচারের আগে দেশবাসী ও নির্বাচনি এলাকার মানুষের কাছে দোয়া চেয়েছিলেন বাবর। দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় ফিরতে চান বলেও জানিয়েছিলেন তিনি।

মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, দীর্ঘ কারাভোগের প্রতিকূলতায় ওনার শরীরে নানা জটিলতা তৈরি হয়েছে। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও মানুষের পাশে দাঁড়াতে পারেন, সে জন্য দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button