News
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর সাইডলাইনে এ বৈঠক হয়।
বৈঠকে বাংলাদেশে চীনের বিনিয়োগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। সেখানে তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন এবং পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।
আরও পড়ুন
এ ছাড়া সন্ধ্যায় বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে।
এর আগে বুধবার সকালে আনতালিয়া এক্সিবিশন সেন্টারে কপ৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকেরা তাকে স্বাগত জানান।
উদ্বোধনী অধিবেশনের আগে লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও বিশ্বনেতাদের সঙ্গে সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলোচনা করেন তিনি।
source: The Dhaka Diary