News

কপ-৩১ সম্মেলনে আ. লীগ নেতা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন না: উপ-প্রেস সচিব

কপ-৩১ সম্মেলনে আ. লীগ নেতা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন না: উপ-প্রেস সচিব© সংগৃহীত
কপ-৩১ সম্মেলনে আওয়ামী লীগের ফরিদপুরের মধুখালী উপজেলা শাখার ৫ নম্বর উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল বাশার খান প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী ছিলেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু)। 
 
তিনি বলেছেন, ‘সম্মেলনে অনেক ব্যক্তি প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের সঙ্গে ছবি তোলেন। তাৎক্ষণিক ছবি তুলতে আসা ব্যক্তির পরিচয় জানাও সম্ভব নয়। সৌজন্যতা দেখিয়ে তোলা একটি ছবি কখনোই কারও সরকারি সফরসঙ্গী হওয়ার প্রমাণ হতে পারে না।’
 
আজ ‍শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। 
 
ফেসবুক পোস্টে হাসান শিপলু লেখেন, “এই ব্যক্তি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন না, ছবিতে চিহ্নিত ব্যক্তি জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) মাননীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। জলবায়ু সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের শত শত ব্যক্তি তুরস্কের আন্তালিয়ায় গিয়েছেন। তাদের মধ্যে কেউ কোনো মন্ত্রী বা নেতার আশপাশে অবস্থান করলেই কিংবা তাঁর সঙ্গে ছবি পাওয়া গেলেই কি তিনি প্রধানমন্ত্রীর সরকারি সফরসঙ্গী হয়ে যান?”
 
তিনি বলেন, “এ ধরনের সম্মেলনে অনেক ব্যক্তি প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের সঙ্গে ছবি তোলেন। তাৎক্ষণিক ছবি তুলতে আসা ব্যক্তির পরিচয় জানাও সম্ভব নয়। সৌজন্যতা দেখিয়ে তোলা একটি ছবি কখনোই কারও সরকারি সফরসঙ্গী হওয়ার প্রমাণ হতে পারে না।”
 
আরও পড়ুন
 
তিনি আরও বলেন, “অথচ ন্যূনতম তথ্য যাচাই না করে একটি ছবিকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আরও দুঃখজনক হলো, কেউ কেউ সত্যতা নিশ্চিত না হয়েই সেই অপপ্রচারকে সমর্থন দিয়ে ছবিটি প্রচার করছেন।”
 
হাসান শিপলু বলেন, “রাজনৈতিক সমালোচনা অনুমাননির্ভর হওয়া উচিত নয়। সমালোচনা অবশ্যই করুন, কিন্তু তা হতে হবে সত্য তথ্যের ভিত্তিতে। আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, ছবিতে চিহ্নিত ব্যক্তি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন না।”
 
প্রসঙ্গত, আবুল বাশার খান নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মধুখালী উপজেলা শাখার ৫ নম্বর উপদেষ্টামণ্ডলীর সদস্য বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতারা। তাদের অভিযোগ, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা সত্ত্বেও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হয়ে তুরস্কে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন। এ নিয়েই ফরিদপুর-১ আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button