বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন, ৩০ টাকা কেজি চাল কিনছেন পোশাকশ্রমিকরা

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রাপ্তি নিশ্চিত করতে বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার।
শুক্রবার থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় প্রত্যেক পোশাকশ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল ৩০ টাকা কেজি দরে কেনার সুযোগ পাচ্ছেন।
নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় পোশাকশিল্পের বিপুলসংখ্যক শ্রমিকের খাদ্যনিরাপত্তা নিশ্চিত ও জীবনযাত্রার ব্যয় কমাতে এ বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সরকারের এ উদ্যোগের ফলে বাজারদরের তুলনায় কম মূল্যে চাল কেনার সুযোগ পাচ্ছেন পোশাকশ্রমিকরা। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির চাপে থাকা শ্রমজীবী মানুষের সংসারের খাদ্য ব্যয় কমাতে কর্মসূচিটি সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মোট ৬৬টি ট্রাকসেলের মাধ্যমে এ চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ মেট্রিক টন করে প্রতি শুক্রবার মোট ৩৩০ মেট্রিক টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
source: Daily Amar Desh