জামায়াত আমির নিজের বেতন প্রতি মাসে মাদরাসায় দান করেন: সেলিম উদ্দিন

রাজধানীর উত্তর কাফরুলে জামিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার ষষ্ঠ তলার ছাদ নির্মাণকাজে আর্থিক অনুদান দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে তার পক্ষে মাদরাসা কর্তৃপক্ষের হাতে অনুদান তুলে দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
এসময় মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত বেতন নিজের পরিবার কিংবা ব্যক্তিগত প্রয়োজনে ব্যয় করেন না। বরং মিরপুরের একটি কওমি মাদরাসায় প্রতিমাসে সেই অর্থ দান করেন।
তিনি বলেন, জামায়াত আমির এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চান যেখানে কোরআনের আদর্শের ভিত্তিতে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং ন্যায়বিচার ও ইনসাফ নিশ্চিত হবে।
সেলিম উদ্দিন আরও বলেন, অতীতেও নানা বাধা-বিপত্তি ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমিরে জামায়াত বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার ওপর প্রশাসনের নানা নজরদারি থাকা সত্ত্বেও তিনি প্রান্তিক ও অসহায় মানুষের দুর্দশায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মানুষের কল্যাণে তার ভূমিকা ও মানবিক উদ্যোগ প্রশংসনীয়।
তিনি বলেন, দেশে দুর্নীতি, ঘুস, দুঃশাসনসহ সমাজে বিদ্যমান নানা অনিয়ম ও জঞ্জাল থেকে মুক্তি পেতে জামায়াত আমিরের মতো সৎ, যোগ্য, বলিষ্ঠ ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন। এমন নেতৃত্ব প্রতিষ্ঠিত হলেই সমাজ থেকে এসব অনিয়ম ও দুর্নীতি দূর করা সম্ভব হবে।
source: Barta Bazar