News

লালমোহনে ২১০ প্রাথমিক বিদ্যালয়ের ৯৯টিতে নেই প্রধান শিক্ষক

ভোলার লালমোহন উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯৯টিতেই নেই নিয়মিত প্রধান শিক্ষক। এসব বিদ্যালয়ে বছরের পর বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকরা। এতে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাভাবিক পাঠদানও ব্যাহত হচ্ছে।

উপজেলার প্রায় ৪৭ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। বিধি অনুযায়ী, প্রধান শিক্ষকের ৮০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণের নিয়ম রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে পদোন্নতি কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়িত না হওয়ায় এসব পদ শূন্য পড়ে আছে। এর মধ্যে প্রতিবছর শিক্ষকরা অবসরে যাওয়ায় শূন্য পদের সংখ্যা আরও বাড়ছে। ফলে দিন দিন সংকট তীব্র হচ্ছে।

প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্তের দায়িত্ব পালন করা সহকারী শিক্ষকদের নিয়মিত পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কাজও সামলাতে হচ্ছে। এতে তাঁদের ওপর বাড়তি দায়িত্ব ও চাপ তৈরি হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান তদারকি, বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা এবং শিক্ষার মান নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ছে।

উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমজাদ হোসেন, মো. দুলাল উদ্দিন, মো. সোহেল ও নমিতা রানী দাস বলেন, ‘প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা জটিলতা তৈরি হচ্ছে। একই সঙ্গে নিয়মিত পাঠদানও ব্যাহত হচ্ছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও মান বজায় রাখতে দ্রুত প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণ করা জরুরি।’

এ বিষয়ে লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইন্দ্রজিৎ চন্দ্র দেবনাথ জানান, অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শিক্ষকদের গ্রেডেশন তালিকা তৈরির কার্যক্রম চলছে। শিগগিরই তালিকা প্রস্তুত করে অধিদপ্তরে পাঠানো হবে। তিনি আশা প্রকাশ করেন, এ সমস্যা সমাধানে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button