News

শ্রমিক অসন্তোষে গাজীপুর-সাভারে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক

শ্রমিক অসন্তোষে গাজীপুর-সাভারে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক© সংগৃহীত
শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর ও ঢাকার সাভার-আশুলিয়ার অন্তত ২০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে অর্ধশতাধিক কারখানা বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে এসব এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতির ঘটনা ঘটেছে।
 
গাজীপুরের মাওনা ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন। পরে শিল্প পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় প্রায় ২০ মিনিট যান চলাচল ব্যাহত হয়।
 
একই মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে নেমে আন্দোলনের চেষ্টা করলে তাদেরও সরিয়ে দেয় পুলিশ।
 
শ্রমিক অসন্তোষের কারণে আজ গাজীপুরের ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
 
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, “বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ কাজ করছে।”
 
এদিকে গাজীপুর শিল্পাঞ্চলের নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি, পাঁচ প্লাটুন স্পেশাল রিজার্ভ ফোর্স (এসআরএফ) ও ১২ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন। তারা মহানগর, জেলা ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
 
গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারেও বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
 
অন্যদিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের মধ্যে সাভার ও আশুলিয়ার ২৯টি কারখানা বন্ধ রয়েছে। পাশাপাশি ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ১৭টি কারখানার শ্রমিকেরা উপস্থিত হলেও কাজে যোগ দেননি।
 
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
 
আরও পড়ুন
 
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, “অন্যান্য দিনের তুলনায় সাভার ও আশুলিয়ার পরিস্থিতি ভালো। কিছু কারখানায় শ্রমিকেরা কাজ করছেন না। তবে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া, গ্রেপ্তার হওয়া শ্রমিক নেতাদের মুক্তি এবং সব পক্ষের অংশগ্রহণে অর্থবহ সংলাপের মাধ্যমে চলমান সংকট সমাধান করা প্রয়োজন।”
 
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার বলেন, “কয়েকটি কারখানার শ্রমিকেরা উপস্থিত হলেও কাজ করছেন না। তবে অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ চলছে। এখন পর্যন্ত কোথাও বিক্ষোভ বা অস্থিতিশীল পরিস্থিতির খবর পাওয়া যায়নি।”
 
তথ্য সূত্র: দৈনিক ইত্তেফাক। 

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button