News

আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, আহত ৭ পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার এক আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ উঠেছে উপজেলা এনসিপির নেতাকর্মী ও আসামির স্বজনদের বিরুদ্ধে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে গ্রেপ্তার আসামিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশের একটি দল। ছায়েব আলী সাবেক আওয়ামী লীগ নেতা এবং বর্তমানে আখাউড়া উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ছায়েব আলীকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসার পথে তার সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালান। পরে উপজেলা এনসিপির নেতাকর্মী ও ছায়েব আলীর পরিবারের সদস্যরা আখাউড়া থানায় গিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এতে থানার অন্তত সাত পুলিশ সদস্য কমবেশি আহত হন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আখাউড়া থানার একটি বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় তার লোকজন পুলিশের ওপর হামলা চালায়। পরে থানায় ঢুকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। গ্রেফতারকৃত আসামি ছায়েব আলীকে রাতেই ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

source: The Daily Campus

Leave a Reply

Back to top button