News
ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন তাকী উসমানী

বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও সরকারি অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে সফর বাতিল হয়েছে পাকিস্তানের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আলেম মুফতি মুহাম্মদ তাকী উসমানীর। তবে ঢাকায় অনুষ্ঠাতব্য একটি মহাসম্মেলনে সরাসরি উপস্থিত হতে না পারলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাদিসের পাঠদান করবেন তিনি।
আগামীকাল সোমবার রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মহাসম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনের প্রথম দিন বিকেলে মুফতি তাকী উসমানীর এ পাঠদান পর্ব অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ ও মাদরাসার সাবেক শিক্ষার্থীরা (ফুজালা) অংশ নেবেন। আয়োজকদের আশা, ভার্চুয়ালি যুক্ত হলেও তার উপস্থিতি সম্মেলনকে বিশেষ তাৎপর্য দেবে।
source: Daily Amar Desh