News

মার্কিন নৌ অবরোধ ভাঙতে সামরিক পদক্ষেপের হুমকি ইরানের

মার্কিন নৌ অবরোধ ভাঙতে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে ইরান। দেশটির দাবি, আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের রক্ষায় যেকোনো পন্থা অবলম্বনের অধিকার রাষ্ট্রের রয়েছে।

তেহরান প্রথমবারের মতো স্বীকার করেছে, যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ দেশটির অর্থনীতিতে চরম আঘাত হানছে।

ইরানের এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, যুদ্ধ শেষ করতে তেহরানের দেওয়া সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত জাতিসংঘের দলকে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না।

মার্কিন নৌ অবরোধে ইরান ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে। দেশটির নাগরিকরা এ বিষয়ে অবগত এবং প্রকাশ্যেই তা স্বীকার করছেন। কারণ, ইরানের ৮০ শতাংশের বেশি আমদানি ও রপ্তানি হরমুজ প্রণালি অথবা দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোর মাধ্যমে হয়ে থাকে।

এই অবরোধের অবসান ঘটাতে ইরান এখন ক্রমশ বিকল্প পথ খুঁজছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জাতিসংঘ সনদের দুটি অনুচ্ছেদের কথাও উল্লেখ করেছেন।

বাঘাই বলেন, জাতিসংঘ সনদের ৪ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সদস্যরাষ্ট্র অন্য রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ বা বলপ্রয়োগের হুমকি দিতে পারবে না।

ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শুধু যুদ্ধই শুরু করেনি, বরং নৌ অবরোধও যুক্তরাষ্ট্রের অবৈধ বলপ্রয়োগের ধারাবাহিকতা।

জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদে আত্মরক্ষার অধিকারের কথা উল্লেখ রয়েছে। বাঘাই বলেন, এই অনুচ্ছেদ ইরানকে আত্মরক্ষার অধিকার দিয়েছে।

তিনি আরও বলেন, ইরানি কর্মকর্তারা রাজনৈতিক, কূটনৈতিক ও প্রতিরক্ষাগত দিক থেকে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন। ইরানের চারপাশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা চলছে। সংঘাত আরও বাড়ানোর বিষয়টি এখন বিবেচনার টেবিলে প্রধান বিকল্প হিসেবে রয়েছে।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button