News
আ. লীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে তালিকাভুক্ত করার দাবি নাহিদ ইসলামের

চট্রগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন আওয়ামী লীগের কর্মকাণ্ডের নিন্দা জানায়, দলটির মানবাধিকার লঙ্ঘনের পূর্ণ চিত্র স্বীকার করে এবং আনুষ্ঠানিকভাবে দলটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।’
গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।
নাহিদ ইসলাম লেখেন, “চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি। শুধু নভেম্বর মাসেই দেশের অন্তত ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে।”
তিনি বলেন, “আন্তর্জাতিকভাবে ‘গরিবের ব্যাংক’ হিসেবে পরিচিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক অধ্যাপক ইউনূসের সঙ্গে যৌথভাবে ২০০৬ সালে ক্ষুদ্রঋণ কর্মসূচির স্বীকৃতিস্বরূপ নোবেল শান্তি পুরস্কার লাভ করে। এ বছর ব্যাংকটির পাশাপাশি দেশের জন্যও দুটি ঐতিহাসিক মাইলফলক পূর্ণ হচ্ছে। এর একটি হলো ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং অন্যটি নোবেল পুরস্কার অর্জনের ২০ বছর।”
এনসিপির আহ্বায়ক বলেন, “অধ্যাপক ইউনূসের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে হামলাকারীরা ব্যাংকটিকে লক্ষ্যবস্তু করলেও বাস্তবতা হলো, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক এর ঋণগ্রহীতারা। বাকি ১০ শতাংশের মালিক সরকার। অধ্যাপক ইউনূস ব্যাংকটি প্রতিষ্ঠা করেছেন এবং এর কার্যক্রমের ভিত্তি স্থাপন করেছেন। সাম্প্রতিক এসব হামলার ঘটনা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থতার চিত্রও তুলে ধরেছে।”
আরও পড়ুন
তিনি আরও বলেন, “গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করতে, ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনা বন্ধ করতে এবং এসব ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে আমি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও দলটির কর্মীরা ভারতীয় ভূখণ্ড থেকে পরিচালিত হয়ে দেশের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সীমান্তপারের এই সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।”
নাহিদ ইসলাম বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন আওয়ামী লীগের কর্মকাণ্ডের নিন্দা জানায়, দলটির মানবাধিকার লঙ্ঘনের পূর্ণ চিত্র স্বীকার করে এবং আনুষ্ঠানিকভাবে দলটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। জাতিসংঘের একটি তথ্যানুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে ক্ষমতাসীন সরকারের পতন ঘটানো অভ্যুত্থানের সময় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন।”
source: The Dhaka Diary