পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড।নতুন এই মজুরি বর্তমানের চেয়ে ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেশি, যেখানে বর্তমানে শ্রমিকদের ন্যূনতম মজুরি রয়েছে ১২ হাজার ৫০০ টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে চতুর্থ দিনের দীর্ঘ সভা অনুষ্ঠিত হয়।রাত দেড়টা থেকে ২টা পর্যন্ত চলা এই বৈঠকে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের দীর্ঘ দর-কষাকষির পরও সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে কোনো চূড়ান্ত ঐকমত্য না হওয়ায় ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব উপস্থাপন করে নিজ নিজ অবস্থানে অনড় থাকে।পরে শ্রম বিধিমালা অনুযায়ী বোর্ডের ছয় সদস্যের মধ্যে গোপন ভোটাভুটি অনুষ্ঠিত হলে চারজন সদস্য ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন সদস্য ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন।ফলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ১৭ হাজার টাকাকেই চূড়ান্ত ন্যূনতম মজুরি হিসেবে ঘোষণা করা হয়।
নতুন মজুরি কাঠামোতে শ্রমিকদের দক্ষতা ও পদমর্যাদা ভেদে চারটি গ্রেডে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে।এর মধ্যে প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং সর্বনিম্ন বা চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বোর্ড চেয়ারম্যান জানান, প্রথম তিনটি গ্রেডের মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিক পক্ষ আগেই একমত হয়েছিল এবং কেবল চতুর্থ গ্রেডের মজুরি নিয়ে মতপার্থক্য থাকায় ভোটের প্রয়োজন হয়।এ ছাড়া যেসব শ্রমিক বর্তমানে নতুন ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাচ্ছেন, পুরোনো কাঠামোর সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে তাঁদের মূল বেতনের সঙ্গেও সর্বসম্মতিক্রমে ন্যূনতম ২ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, নতুন এই মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং শ্রমিকরা ডিসেম্বর মাসের কাজের বিপরীতে জানুয়ারি মাসে পরিশোধিত বেতনের সঙ্গে বর্ধিত মজুরি পাবেন।দ্রুততম সময়ের মধ্যে খসড়া সুপারিশ চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান।
বৈঠক শেষে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, বাঁচার মতো মজুরির প্রত্যাশা থাকলেও বোর্ডের সীমাবদ্ধতার মধ্যে তাঁদের প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা, তাই ভোটাভুটিতে ১৭ হাজার টাকা নির্ধারিত হওয়ায় তাঁরা পুরোপুরি সন্তুষ্ট নন।তবে আগেরবার পাঁচ বছর পর মজুরি বাড়লেও এবার তিন বছরের মাথায় মজুরি বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন উল্লেখ করে তিনি রপ্তানি খাতের স্বার্থে শ্রমিকদের আন্দোলন ছেড়ে কাজে ফেরার আহ্বান জানান এবং গ্রেপ্তারকৃত শ্রমিকদের মুক্তি ও ছাঁটাই বন্ধের দাবি তোলেন।
অন্যদিকে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন বলেন, দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান এই খাতটিকে সচল রাখতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষ এই সমঝোতায় পৌঁছেছে।
source: Azadir Dak