এক মাস পর চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যবিরোধী আন্দোলনের সমাধান না হওয়ায় আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে গতকাল বুধবার রাত ২টায় বিক্ষোভ মিছিল করেছে তারা। শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তারা।
এর আগে বুধবার দিবাগত রাতে চলমান আন্দোলন আরো বেগবান ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীরা বলেন, গত দুই মাসেরও বেশি সময় ধরে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করেছেন। তবে দুঃখজনকভাবে, চুয়েটের বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কোনো কার্যকর ও টেকসই সমাধান পাওয়া যায়নি। ফলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি ক্যাম্পাসের প্রশাসনিক কর্মকাণ্ডেও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থায় সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ২৬ নভেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
source: Daily Amar Desh