প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতা ও দায়িত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আশপাশে থাকা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে এবং তাদের কষ্ট না দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, যত্ন নিতে না পারলেও অন্তত কোনো প্রাণীর ক্ষতি করা থেকে যেন আমরা সবাই বিরত থাকি।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, ‘প্রাণীদের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা পরিবারের শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এ মনোভাব গড়ে তুলতে পারলে মানুষ, জীবজন্তু ও প্রকৃতির সহাবস্থানে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’
তারেক রহমান বলেন, ‘অনেক সময় আশপাশে দেখা যায়, মানুষ অকারণে বিভিন্ন প্রাণীকে নির্যাতন করে। তাদের কষ্ট দেয়। এটি কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ তায়ালা মানুষের কল্যাণ ও প্রয়োজনে এসব প্রাণী সৃষ্টি করেছেন। তাই প্রতিটি প্রাণীর প্রতি আমাদের দায়িত্বশীল আচরণ করা উচিত।’
‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজধানীর শেরে-বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে প্রাণিসম্পদ মেলা।
বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মেলায় আগত বিভিন্ন পশু-পাখি ঘুরে দেখেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ অনেকে।
এর আগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পশুপাখির অধিকার সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিশেষ করে শহর অঞ্চলে আর্থিকভাবে সক্ষম মানুষের মাঝে উন্নত বিশ্বের মতো পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালন অনেক বৃদ্ধি পেয়েছে। এগুলো একদিকে যেমন মানুষের মানসিক প্রশান্তির কারণ হয়ে উঠেছে, অপরদিকে এসব প্রাণী অনেকের কাছে আয়েরও উৎস। তবে মনে রাখতে হবে, মানুষের যেমন অধিকার রয়েছে। তেমনি পশুপাখির অধিকার সম্পর্কেও অবহেলা করা চলবে না।
তিনি বলেন, আপনারা নিঃসন্দেহে জানেন, জীবজন্তু কিংবা পশুপাখির জন্যও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কয়েকটি অধিকার রয়েছে। প্রাণীকে ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত রাখতে হবে; প্রাণিকে অস্বস্তিতে রাখা চলবে না। ব্যথা, আঘাত ও রোগ থেকে মুক্ত রাখতে হবে; স্বাভাবিক আচরণ প্রকাশের স্বাধীনতা দিতে হবে সর্বোপরি প্রাণীকে ভয় এবং মানষিক যন্ত্রণা দেওয়া যাবে না। মানবিক মানুষ হিসেবেই আমাদের প্রত্যেককে পশুপাখির অধিকার সম্পর্কে সচেতন এবং সচেতন থাকা মানবিক দায়িত্ব।
এমআই/বার্তা বাজার
source: Barta Bazar