আ.লীগের বিচার দ্রুত শুরু করার দাবি বেসিস সংস্কার পরিষদের

দেশব্যাপী চলমান সহিংসতা ও নাশকতার প্রতিবাদ জানিয়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার অবিলম্বে শুরু করার দাবি তুলেছে বেসিস সংস্কার পরিষদ। একই সঙ্গে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অবকাঠামো ও ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা, বেসিসের গঠনতন্ত্র সংস্কার এবং ২০৩৩ সালের মধ্যে শতভাগ ডিজিটাল রূপান্তরসহ ১০ দফা সুপারিশ পেশ করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে এসব দাবি ও সুপারিশ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেসিস সংস্কার পরিষদের উপদেষ্টা ও বেসিস সহায়ক কমিটির সাবেক কো-চেয়ারম্যান প্রকৌশলী মো. মিজানুর রহমান। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, পলাতক শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে অর্থ, অস্ত্র ও নির্দেশনার মাধ্যমে গত এক মাসে দেশের বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকাণ্ড ও নাশকতা পরিচালনা করছেন। পরিষদের দাবি অনুযায়ী, এসব কর্মকাণ্ড দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ ব্যাহত করছে এবং এটি একটি প্রতিবেশী রাষ্ট্রের দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ। এ প্রেক্ষাপটে দল হিসেবে আওয়ামী লীগের বিচার দ্রুত শুরু এবং অভিযুক্ত নেতাদের বিচার ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়।
source: Daily Amar Desh