News

হাসিনার ডিসেম্বরে ফেরা শতাব্দীর সেরা রাজনৈতিক কৌশল

সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়টিকে ‘শতাব্দীর সেরা রাজনৈতিক কৌশল’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ নিয়ে নিজের ফেসবুক পেজে ‘জানুয়ারির কথামালা’ শিরোনামে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন তিনি। সেখানে শেখ হাসিনার দেশে ফেরার প্রতিশ্রুতি ও তা ঘিরে নানা ব্যাখ্যা তুলে ধরে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন আসিফ নজরুল।

গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে এ পোস্ট দেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, ‘ডিসেম্বরে ফিরলে লক্ষ লক্ষ মানুষ তাঁর জন্য জীবন দিতো। তাদের বাঁচাতেই তিনি আসেননি। স্বজন হারানোর বেদনা তাঁর চেয়ে বেশি আর কে বোঝেন!’

আরেকটি মন্তব্যে আসিফ নজরুল লিখেছেন, ‘ডিসেম্বরে ফিরব’—এটা বলা ছিল শতাব্দীর সেরা রাজনৈতিক কৌশল। এই কৌশলে তিনি জয়ী হয়েছেন। ফেরা না-ফেরার প্রশ্ন এখানে অবান্তর।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে তিনি আরও লিখেছেন, ‘ডিসেম্বরে ফিরবেন, এটা কি তিনি নিজে বলেছিলেন? নিজের মুখে তো বলেননি!’

পোস্টে আরও কয়েকটি ব্যঙ্গাত্মক মন্তব্য তুলে ধরেছেন আসিফ নজরুল। এর মধ্যে রয়েছে, ‘ডিসেম্বর তো আরও আছে! দেখেন না কী হয় পরের ডিসেম্বরে!’ এবং ‘ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিলেন। এবার আর কারও জন্য অপেক্ষা করবেন না। আগামী মার্চেই ফিরবেন।’

এ ছাড়া শেখ হাসিনার দেশে ফিরতে না পারার কারণ নিয়ে তিনি লিখেছেন, ‘তিনি ফিরতেন। বিমান ভুলে সিকিম চলে যাওয়ায় ফিরতে পারেননি।’

আসিফ নজরুল লিখেছেন, ‘তিনি ফিরবেন। হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে একটু বিলম্ব হচ্ছে।’

source: The Daily Campus

Leave a Reply

Back to top button