বিএনপির কার্যালয়ে আগুন, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার সদর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাণীনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও পশ্চিম বালুভরা গ্রামের আশরাফ শেখ (৫২) এবং উপজেলা ছাত্রলীগের সহসভাপতি একই গ্রামের মো. রাব্বী হোসেন (২৮)।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার গভীর রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খানপুকুর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মামলায় ২৩ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৮০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার আশরাফ শেখ ও রাব্বী হোসেন ওই মামলার এজাহারভুক্ত আসামি।
ওসি আরও জানান, শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
source: The Daily Campus