News

একক পথে হাঁটতে চায় এনসিপি, জোটবদ্ধ জামায়াত 

জামায়াত ও এনসিপি লোগো© ঢাকা ডায়েরি সম্পাদিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যের সংলাপ থেকে শুরু করে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে মতবিনিময়—দুই ক্ষেত্রেই ভিন্ন কৌশল অনুসরণ করছে ১১ দলীয় ঐক্যের দুই গুরুত্বপূর্ণ শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। এনসিপি নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় ও এজেন্ডাকে সামনে রেখে এককভাবে আলোচনায় অংশ নিতে আগ্রহী। অন্যদিকে জামায়াত চায়, জোটের সব শরিককে সঙ্গে নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ ও নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় করতে।
 
একই জোটের দুই গুরুত্বপূর্ণ দলের এই ভিন্ন অবস্থান জাতীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। জাতীয় সংলাপের প্রশ্নে যে মতপার্থক্য সামনে এসেছিল, এবার নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়ের ক্ষেত্রেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। এতে জোটের অভিন্ন অবস্থানের পাশাপাশি শরিক দলগুলোর পৃথক রাজনৈতিক কৌশলও স্পষ্ট হচ্ছে।
 
Media Image১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক © জামায়াতের সৌজন্যে
 
প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে গত ২৩ নভেম্বর একক দল হিসেবে সংলাপে অংশ নেয় এনসিপি। দলটির নেতারা মনে করেন, জোটের ব্যানারে আলোচনায় অংশ নিলে নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান ও দাবিগুলো যথাযথভাবে তুলে ধরার সুযোগ সীমিত হতে পারে। তাই আপাতত একক দল হিসেবেই সরকারের সঙ্গে আলোচনায় বসতে চায় তারা।
 
অন্যদিকে শুরু থেকেই ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে সম্মিলিতভাবে সংলাপে অংশ নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী। এ কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে এখনো আনুষ্ঠানিক সংলাপে বসেনি দলটি। শুক্রবার ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে জোটগতভাবে সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
 
একই অবস্থান দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়ের ক্ষেত্রেও। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আগামী ২৯ নভেম্বর থেকে তিন দিনব্যাপী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন। এনসিপির একাধিক নেতা জানিয়েছেন, তারা দলীয় পরিচয়েই এককভাবে এতে অংশ নিতে চান। অন্যদিকে জামায়াত ১১ দলের পক্ষ থেকে সম্মিলিতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েও নিজেদের অবস্থান জানিয়েছে দলটি।
 
Media Image১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন © জামায়াতের সৌজন্যে
 
এনসিপির শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, ‘জোটগতভাবে সংলাপ বা বৈঠকে গিয়ে আমাদের খুব বেশি লাভ নেই। আমরা আমাদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। সে ক্ষেত্রে একক দল হিসেবেই অংশ নিতে আগ্রহী। নিজেদের রাজনৈতিক অবস্থান, দাবি ও এজেন্ডা সরাসরি তুলে ধরতে চাই আমরা।’
 
তবে জোটগতভাবে আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে এনসিপির পক্ষ থেকে পুরোপুরি অনাগ্রহ নেই। দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর আহ্বানে এককভাবে অংশ নিয়েছি। যদি জোটগতভাবে আবার অংশ নিতে হয়, সেটাতেও আমাদের আপত্তি নেই।’
 
অন্যদিকে জামায়াতের অবস্থান, জোটের অভিন্ন দাবিগুলো সম্মিলিতভাবে তুলে ধরাই বেশি কার্যকর। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, ‘আমাদের দাবিদাওয়া সবই একই। সেজন্য আমরা প্রধানমন্ত্রী কিংবা ইসি—সব জায়গায় জোটবদ্ধভাবে অংশ নিতে চাই। তাতে ঐক্য এবং দাবিগুলো ভালোভাবে তুলে ধরা যাবে বলে আমরা মনে করি।’
 
জাতীয় সংলাপেই মতপার্থক্যের শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের উদ্যোগকে স্বাগত জানালেও সংলাপে অংশগ্রহণের ধরন নিয়ে শুরু থেকেই জামায়াত ও এনসিপির মধ্যে ভিন্ন অবস্থান ছিল। জামায়াতের প্রত্যাশা ছিল, জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে নিয়ে সম্মিলিতভাবে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী। কিন্তু সংলাপের প্রথম আমন্ত্রণ যায় এনসিপির কাছে। দলটির চার সদস্যের প্রতিনিধিদল নিয়ে একক বৈঠকের মধ্য দিয়ে সংলাপের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী।
 
Media Imageএনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক © সংগৃহীত
 
এনসিপি শুরু থেকেই প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দলীয় পরিচয়ে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। দলটির নেতাদের বক্তব্য ছিল, প্রধানমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক দলকে পৃথকভাবে আমন্ত্রণ জানালে প্রত্যেক দলেরই নিজস্ব অবস্থান তুলে ধরার সুযোগ থাকা উচিত। ঐক্যের প্রশ্নটি আলোচনার পরবর্তী বিষয়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার অর্থ রাজনৈতিকভাবে কোনো জোটের সিদ্ধান্তের সঙ্গে একমত হওয়া নয় বলেও মনে করে দলটি।
 
অন্যদিকে জামায়াত মনে করে, জাতীয় ঐক্যের প্রশ্নে পৃথক বৈঠকের চেয়ে সব পক্ষকে নিয়ে এক টেবিলে বসা বেশি কার্যকর। বিশেষ করে ১১ দলীয় ঐক্য বিভিন্ন দাবিতে একসঙ্গে আন্দোলন করে আসছে। ফলে সরকারের সঙ্গে আলোচনার ক্ষেত্রেও জোটের সম্মিলিত অবস্থান বজায় রাখা প্রয়োজন। এই অবস্থান থেকেই দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জোটের শরিকদের নিয়ে বসার প্রস্তাব দিয়েছে।
 
এ নিয়ে ১১ দলীয় ঐক্যের মধ্যে আলোচনাও হয়েছে। জোটের পক্ষ থেকে এনসিপিকে সম্মিলিতভাবে সংলাপে অংশ নেওয়ার বিষয়ে জানানো হয়। তবে শেষ পর্যন্ত দলটি একক প্রতিনিধিদল নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, তারা জোটের শরিকদের সঙ্গে নিয়েই আলোচনায় বসতে আগ্রহী।
 
ইসির সংলাপেও একই সমীকরণ
জাতীয় সংলাপের পর এবার নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়েও একই প্রশ্ন সামনে এসেছে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। প্রথম দিন ১৯টি দলের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে। এসব দলের মধ্যে জামায়াতে ইসলামীও রয়েছে।
 
এনসিপির নেতাদের বক্তব্য, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায়ও দলীয় পরিচয়েই নিজেদের দাবি ও প্রস্তাব তুলে ধরতে চান তারা। তাদের মতে, রাজনৈতিক দল হিসেবে এনসিপির নিজস্ব অবস্থান ও কর্মসূচি রয়েছে। ফলে জোটের ব্যানারে আলোচনায় অংশ নেওয়ার চেয়ে এককভাবে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তারা।
 
অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনসংক্রান্ত দাবিদাওয়ার ক্ষেত্রে ১১ দলের অবস্থান অভিন্ন। তাই আলাদা আলাদাভাবে না গিয়ে সম্মিলিতভাবে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসতে চায় দলটি।
 
শুক্রবার ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকেও এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, জাতীয় সংলাপ ও নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়—দুই ক্ষেত্রেই ১১ দল একসঙ্গে অংশ নেবে।
 
জামায়াতের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জোটগতভাবে অংশ নেওয়ার বিষয়টি জানানোর কথাও জানা গেছে। ফলে আগামী ২৯ নভেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে নির্ধারিত মতবিনিময়ে এনসিপি ও জামায়াতের অংশগ্রহণের ধরন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button