২০২৪ সালের মতো তরুণদের আবারও লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

২০২৪ সালের মতো অধিকার আদায়ে তরুণদের আবারও লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “গণভোটে ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। এ রায় বাস্তবায়নে জামায়াতে ইসলামী কোনো ছাড় দেবে না।”
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “বিতাড়িত ফ্যাসিবাদকে এ দেশে আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না।” তবে কেউ কেউ টাকার বিনিময়ে আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মতবিনিময় সভায় শিক্ষার্থীদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান জামায়াত আমির। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নারীরাও বিশ্ববিদ্যালয়ের ভিপি পদে প্রার্থী হতে পারবেন।
রাষ্ট্রের অধিকার পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয় উল্লেখ করে তিনি বলেন, “রাষ্ট্রের কাছে সবাই সমান। প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে।”
গণভোটের রায় বাস্তবায়ন এবং অধিকার আদায়ের প্রশ্নে তরুণদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ২০২৪ সালের মতো আবারও লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার কথা বলেন জামায়াত আমির।
source: The Dhaka Diary