News

একাত্তরের ন্যারেটিভ প্রসঙ্গে অ্যাডভোকেট হাবিবুর বললেন— ‘মেজর হাফিজের বক্তব্যই প্রকৃত সত্য’

অ্যাডভোকেট হাবিবুর রহমান এবং স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ© সংগৃহীত ও সম্পাদিত
‘একাত্তরে ভারত বাংলাদেশকে সহায়তা করেছিল নিজেদের স্বার্থে’, জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদের এমন বক্তব্যকে ‘প্রকৃত সত্য’ বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট হাবিবুর রহমান। 
 
তিনি বলেছেন, ‘এ বক্তব্য নিয়ে আওয়ামী লীগ ও বামপন্থীরা ক্ষুব্ধ হলেও জামায়াতে ইসলামীর লোকজন উচ্ছ্বসিত হচ্ছেন। তবে দুই পক্ষই বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করছে এবং নিজেদের স্বার্থে ভিন্ন ন্যারেটিভ তৈরি করছে।’
 
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 
 
হাবিবুর রহমান বলেন, “ভারত ১৯৭১ সালে বাংলাদেশকে সাহায্য করেছে তাদের নিজেদের স্বার্থে – এই সত্য কথাটি বলে বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম কী ভুল করেছেনে বুঝতে পারছি না। আওয়ামী লীগ ও বামপন্থীরা ক্ষুব্ধ হচ্ছে। আবার, জামায়াতে ইসলামির লোকজন উৎফুল্ল হচ্ছে এই ভেবে যে তারাই ঠিক ছিল একাত্তরে কিন্তু তাদের হেকমত বুঝতে হাফিজ সাহেবের সময় লেগেছে পঞ্চান্ন বছর।”
 
তিনি বলেন, “দুইটা গোষ্ঠীই ভুল বুঝেছে বা নিজেদের স্বার্থে ভুল ন্যারেটিভ তৈরি করছে। মেজর হাফিজ যা বলেছেন সেটাই প্রকৃত সত্য। পাকিস্তান ভাঙার দায় পশ্চিম পাকিস্তানের রাজনীতিবিদ, মিলিটারি এবং আমলাদের। তারা নির্বাচনের ফলাফল মেনে নিলে কোনো যুদ্ধ হত না। আবার, মেজর জিয়াউর রহমানসহ যে মুক্তিযোদ্ধারা প্রতিরোধ যুদ্ধ শুরু করেছেন তারা কেউই ইন্ডিয়া বা আওয়ামী লীগ নেতাদের ভরসায় যুদ্ধ শুরু করেননি। আল্লাহ আর জনগণের ওপর ভরসা রেখেই বিদ্রোহ করেছেন।”
 
লেখক উল্লেখ করেন, “ভারত শুরু থেকেই দুই পাকিস্তান আলাদা করতে চেয়েছিল। আগরতলা ষড়যন্ত্র ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় হয়েছে। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পরে মুক্তিযুদ্ধ আনুষ্ঠানিক যুদ্ধের রূপ লাভ করে।”
 
তার বিশ্লেষণ, “ভারত মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে বেশ কয়েকটা কারণে: পাকিস্তান দুই ভাগ হলে দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। পাকিস্তান বা চীনের সীমান্ত পাহারা দিতে ভারতের যে পরিমাণ আর্থিক খরচ হয় পূর্ব সীমান্তে তার সিকিভাগও হয় না। ভারত কেয়ামত পর্যন্ত এই আর্থিক সুবিধা পাবে। যুদ্ধ শুরু হওয়ার পরে ভারতে রিফিউজির চাপ বাড়ে। বিপুল সংখ্যক রিফিউজিদের দেশে ফেরানোর জন্য হলেও তাদের যুদ্ধে জড়িয়ে পড়া অনিবার্য ছিল।”
 
এ বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশকে সাহায্য করা ভারতের নৈতিক সংহতি মনে করা ভুল। তারা তাদের স্বার্থে সাহায্য করেছে। আমরা তাতে উপকৃত হয়েছি। নৈতিক কারণে সাহায্য করলে পানি না দেওয়া, সীমান্ত হত্যা, গণতন্ত্র ধ্বংস করা, পলাতক গণহত্যাকারীদের আশ্রয় দেওয়ার কাজ করত না।”
 
আরও পড়ুন
 
আন্তর্জাতিক রাজনীতির উদাহরণ টেনে তিনি বলেন, “পৃথিবীতে এরকম অনেক ঘটনা ঘটেছে। আমেরিকা আফগানিস্তানকে সাপোর্ট করেছে রাশিয়ার বিপক্ষে কেবল নিজেদের স্বার্থে। কুয়েতকে সাপোর্ট করেছে ইরাকের বিরুদ্ধে। আমেরিকা ও চীনের আধিপত্য কমাতে রাশিয়াও বাংলাদেশকে সাহায্য করেছে ভারতের মতো।”
 
জামায়াতের যুক্তি প্রসঙ্গে তিনি বলেন, “কিন্তু পাকিস্তানকে ভারত দুর্বল করার জন্য মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে এই কারণে মুক্তিযুদ্ধ করা ভুল হয়েছে, জামায়াতের লোকজনের এই যুক্তি বিগব্যাং থিওরির আলোকে বিস্ফোরিত তাদের মেধার মতোই ছন্নছাড়া।”
 
তিনি প্রশ্ন রাখেন, “ভারত পাকিস্তানকে দুর্বল করতে চায় নাকি চায় না, সেটা আমার দেখার বিষয় না। পাকিস্তান শক্তিশালী থাকলে আমাদের কী লাভ হত? ভোটে জেতার পরেও যারা ক্ষমতা না দিয়ে গণহত্যা চালিয়েছে তাদের হাত থেকে রেহাই পাওয়ার চেয়ে বড়ো অর্জন আর কী আছে? এই কাজে নিজের স্বার্থে ভারত সাহায্য করুক আর ইসরায়েল করুক, তাতে অসুবিধা কোথায়?”
 
উদাহরণ দিয়ে তিনি বলেন, “নিজের কথিত মুসলিম ভাই যখন আপনার পরিবারের কাউকে খুন, ধর্ষণ করবে তখন যদি কোনো হিন্দু প্রতিবেশী এসে আপনাকে সাহায্য করে যদিও তার মাথায় ধান্দা আছে আপনার জমি দখল করার তাহলে কি সেই মুসলিম লোকটা ভালো হয়ে গেল?”
 
পাকিস্তানের রাষ্ট্রীয় পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “পাকিস্তান জন্ম থেকেই অসভ্য, চোর, বাটপারদের কবলে পড়া একটা রাষ্ট্র। কোনো সরকার মেয়াদ পূরণ করতে পারে না। আর্মি সবকিছু কন্ট্রোল করে। তাই কেবল আর্মি শক্তিশালী হচ্ছে।”
 
বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, “এখন তারা বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় ভারতের আধিপত্য কমাতে। পাকিস্তান এখন বাংলাদেশকে ক্ষতি করার সক্ষমতা রাখে না। কিন্তু ভারতের আধিপত্য প্রতিরোধ করতে বাংলাদেশকেও পাকিস্তান, আমেরিকা, চিন সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এটাই এখনকার বাস্তবতা।”
 
সবশেষে হাবিবুর রহমান বলেন, “এর জন্য একাত্তর ভুলে যাওয়ার প্রয়োজন নাই, আবার একাত্তর বাধা হিসেবে দাড় করানোরও কোনো সুযোগ নাই। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সঠিক পথে আছেন।”

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button