ইসির সংলাপে অংশ নেয়নি জাতীয় পার্টি

আসন্ন ২০২৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) আয়োজিত সংলাপে অংশ নেয়নি জাতীয় পার্টি। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে সংলাপে অংশগ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
আজ রোববার (২৯ নভেম্বর) জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টি মনে করে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনার সক্ষমতা বর্তমান নির্বাচন কমিশনের নেই। পাশাপাশি দেশের চলমান অস্থিরতা, রাজনৈতিক সংঘাত, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও দলীয়করণের রাজনীতির কারণে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশও নেই বলে মনে করে দলটি।
এসব কারণে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আয়োজিত সংলাপে অংশগ্রহণকে অর্থপূর্ণ মনে করছে না জাতীয় পার্টি। এ কারণেই আজকের সংলাপে অংশ নেয়নি দলটি।
তবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি জাতীয় পার্টি। পরবর্তী সময়ে দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ বিষয়ে দলের সিদ্ধান্ত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এআর
source: Barta Bazar