১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার, আদালতে সোপর্দ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে নিজের ১২ বছর বয়সী কন্যাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, লালপুর থানার মামলা নং-১১, তারিখ ১০ জুলাই ২০২৬; জিআর নং-১৮৩ অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/০৩, অধ্যাদেশ ২০২৫)-এর ৯(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগী শিশুর মায়ের প্রায় ১৩ বছর আগে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। পরবর্তীতে পারিবারিক কলহের জেরে বিবাহবিচ্ছেদ হলে অন্তঃসত্ত্বা অবস্থায় স্ত্রী আলাদা হয়ে যান। পরে কন্যাশিশুর জন্ম হলে সে মায়ের সঙ্গে নানার বাড়িতে থেকে লেখাপড়া করছিল।
অভিযোগে বলা হয়, গত ৯ জুলাই রাতে শিশুটি তার পিতার বাড়িতে অবস্থানকালে অভিযুক্ত তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানালে ভয়ভীতি ও হুমকি দেয়। পরদিন সকালে শিশুটি নানার বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। পরে স্বজনদের পরামর্শে শিশুটির মা লালপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ১০ জুলাই রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, ১১ জুলাই অভিযুক্তকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা এবং মামলার অন্যান্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: mirrornews24.net