News

নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকা পুনরায় যাচাই করবে ইসি

নির্বাচন কমিশনের লোগো© সংগৃহীত ও সম্পাদিত
নির্বাচন উপযোগী ইউনিয়নের নাম সঠিকভাবে তালিকাভুক্ত হয়েছে কি না তা পুনরায় যাচাইয়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
 
এছাড়া আইনি জটিলতা বা সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির তথ্য ও বর্তমানে নির্বাচন উপযোগী কোনো ইউনিয়নের নাম তালিকায় বাদ পড়েছে কি না সেগুলোও পুনরায় যাচাইয়ের উদ্যোগ নিয়েছে ইসি।
 
তথ্য যাচাই করে কোনো সংশোধন থাকলে তা আগামী ৮ নভেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখায় প্রেরণ করতে বলা হয়েছে।
 
ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন সকল জেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠানো এক চিঠিতে এসব বলা হয়েছে।
 
আরও পড়ুন
 
চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তার জেলাধীন সকল উপজেলার নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা তার কার্যালয় এবং স্থানীয় সরকার বিভাগ হতে প্রেরিত তথ্যানুসারে প্রস্তুত করা হয়েছে (তালিকা সংযুক্ত)। সংযুক্ত তালিকায় তার আওতাধীন উপজেলাসমূহের নির্বাচন উপযোগী ইউনিয়নের নাম সঠিকভাবে তালিকাভুক্ত হয়েছে কি না, কিংবা আইনি জটিলতা বা সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত তথ্য ও বর্তমানে নির্বাচন উপযোগী কোনো ইউনিয়নের নাম তালিকায় বাদ পড়েছে কি না তা পুনঃযাচাই করা প্রয়োজন।
 
চিঠিতে আরও বলা হয়েছে, সংযুক্ত তালিকায় উল্লিখিত তথ্য যাচাই করে কোনো সংশোধন (ইউনিয়ন পরিষদের নাম, তারিখ, মামলা, সীমানা সংক্রান্ত জটিলতা, ভোটার তালিকা পুনর্বিন্যাস বা অন্যকোনো তথ্য ইত্যাদি) থাকলে তা আগামী ৮ নভেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো। সংযুক্ত তালিকায় উল্লিখিত তথ্য সঠিক থাকলে সে বিষয়টিও লিখিতভাবে নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button