কোর্ট মার্শালে দোষী দুই সেনা সদস্যকে ‘চাকুরি থেকে বরখাস্ত’ ও ‘এক বছরের কারাদণ্ড’

মোটরসাইকেল ব্যবসায়ীকে মারধর ও জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া ডিজিএফআইয়ের দুইজন সেনা সদস্য কোর্ট মার্শালে দোষী প্রমাণিত হওয়ায় উভয়কে ‘চাকুরি থেকে বরখাস্ত’ ও ‘এক বছরের কারাদণ্ড’ দিয়ে বেসামরিক কারাগারে পাঠানো হয়েছে ।
আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুই সেনা সদস্য হলেন— সার্জেন্ট আল মামুন ও ল্যান্স কর্পোরাল নুরুজ্জামান।
গত ২৫ অক্টোবর রাজধানীর শ্যামলীর মোটরসাইকেল ব্যবসায়ী মো. শরীফকে অপহরণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এ দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
এর আগে ২৭ অক্টোবর ডিজিএফআইয়ের এ দুই সদস্যকে নিজেদের হেফাজতে নিতে আদালতে আবেদন জানিয়েছে ডিজিএফআই সদরদপ্তর। সেনা আইন অনুযায়ী গঠিত তদন্ত আদালতে তাদের বিচার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য এ আবেদন করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
ডিজিএফআইয়ের চিঠিতে উল্লেখ করা হয়, মোহাম্মদপুর থানার মামলার অভিযুক্তদের মধ্যে সার্জেন্ট আল মামুন ও সৈনিক নুরুজ্জামান সামরিক বাহিনীর সদস্য এবং বর্তমানে ডিজিএফআইয়ে কর্মরত। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষাপটে ‘তদন্ত আদালত’ (কোর্ট অব ইনকোয়ারি) গঠন করে সেনা আইন অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উপস্থিতি একান্ত প্রয়োজন।
source: Daily Amar Desh