Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ছাত্রদলের ছুরিকাঘাতে নিহত নারী: বিক্ষোভের ডাক ছাত্রশিবিরের

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

গাজীপুরে ছাত্রদল নেতার হাতে নারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির ঢাকা মহানগরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বিক্ষোভ মিছিল থেকে নির্বাচন ঘিরে বিএনপির অব্যাহত নারী নিপীড়নের প্রতিবাদও জানাবে সংগঠনটি।

আজ রবিবার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিক্ষোভ মিছিলটি শুরু হবে। মিছিলটি শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত অগ্রসর হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ​গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক নারী ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ ওঠে ছাত্রদল নেতা আশিকের বিরুদ্ধে। নিহতের রানী (৪৫) স্থানীয় ‘রানী ফ্যাশন গ্যালারি’র স্বত্বাধিকারী ছিলেন। ​গতকাল শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। পরে দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় নিহতের ছেলে হৃদয় (২২) গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রানী নিজের পোশাক ব্যবসার পাশাপাশি এলাকায় অর্থ লেনদেন (সুদ) করতেন। একই এলাকার মুদি ব্যবসায়ী নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের কাছে পাওনা টাকা দাবি করাকে কেন্দ্র করে সকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বিতণ্ডার একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে আশিক ধারালো অস্ত্র দিয়ে রানীর ওপর আক্রমণ করেন। এসময় মাকে রক্ষা করতে হৃদয় এগিয়ে এলে তাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।

অভিযুক্ত আশিক স্থানীয় রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত। মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোমিন উদ্দিন নিশ্চিত করেছেন যে, আশিক গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button