News
প্রধানমন্ত্রী প্রতিদিন মাত্র চার ঘণ্টা ঘুমান: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন মাত্র চার ঘণ্টা ঘুমান। ফজরের নামাজ আদায়ের পর থেকে গভীর রাত পর্যন্ত তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততার কথা তুলে ধরেন আইনমন্ত্রী।
তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্য সামনে রেখেই সরকার কাজ করছে।
এদিন ঝিনাইদহে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) নবনির্মিত ভবন উদ্বোধন করেন আসাদুজ্জামান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান উপস্থিত ছিলেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, “নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার আশাবাদী। আগের নির্বাচনগুলোর তুলনায় আরও ভালো নির্বাচন করতে পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে পরিকল্পনার বিস্তারিত যথাসময়ে জানানো হবে।”
আরও পড়ুন
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, “কেউ জনগণের প্রত্যাশার বিপরীতে কোনো কাজ করলে সে বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সরকারের ঘনিষ্ঠ হলেও কেউ আইনের ঊর্ধ্বে নন।”
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, এ ধরনের কোনো অনিয়মের তথ্য তার জানা নেই। সার ডিলার নিয়োগ ও বরাদ্দের ক্ষেত্রে সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করছে।
এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী। সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, জনবলসংকট নিরসন এবং সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর বিষয়ে সরকারের পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা হয়।
source: The Dhaka Diary