প্রতারণার দায়ে নবীন ফ্যাশনকে জরিমানা

গ্যাসের দাম ২৫২ টাকা বাড়ানোর খুশিতে পাঞ্জাবির দামে ছাড় দেওয়ার বিজ্ঞাপন দিয়ে সমালোচনার মুখে পড়েছে পাঞ্জাবি বিক্রয়কারী প্রতিষ্ঠান নবীন ফ্যাশন। বিজ্ঞাপন দিলেও অনলাইন বা অফলাইন আউটলেটে ২৫২ টাকার পাঞ্জাবি ছিল না। বিজ্ঞাপনটিকে প্রতারণামূলক ও চাতুর্যপূর্ণ উল্লেখ করে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার (১৯ অক্টোবর) অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর (DNCRP)-এর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।
অভিযান শেষে সাংবাদিকদের জব্বার মন্ডল বলেন, ‘প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনে গ্যাসের দাম ২৫২ টাকা বৃদ্ধির বিষয়টিকে খুশির উপলক্ষ হিসেবে তুলে ধরে পাঞ্জাবির দাম ২৫২ টাকা বা তার কম রাখার কথা জানিয়েছিল। কিন্তু গ্যাসের দাম বাড়ায় সাধারণ মানুষ যেখানে অসন্তুষ্ট, সেখানে এ ঘটনাকে কেন্দ্র করে খুশির বিজ্ঞাপন দেওয়ার বিষয়টি আপত্তিকর।’
তিনি বলেন, ‘তাদের ছাড় দেওয়াতে আমাদের আপত্তি নাই। আপত্তি হচ্ছে যে ১৮ কোটি মানুষের ১৮ কোটি মানুষই যেখানে নাখোশ, সেখানে উনি কীভাবে খুশি হলেন? এরকম প্রতারণামূলক বা চাতুর্যপূর্ণ অ্যাডভারটাইজমেন্ট দেওয়ার কোনো সুযোগ নেই।’
ওই কর্মকর্তা আরও জানান, বিষয়টি নজরে আসার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইট থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে এবং ক্ষমা চেয়েছে।
তিনি বলেন, ‘পাঞ্জাবি অফলাইন ও অনলাইন- কোনো মাধ্যমেই পাওয়া যায়নি। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফার্মগেট আউটলেটের এক কর্মচারী। তিনি বলেন, ‘আমরা বুঝতে না পেরে ভুল করে ফেলেছি। বর্তমানে আমাদের বিজ্ঞাপনও সরিয়ে নিয়েছি। ভবিষ্যতে আর এরকম হবে না।
source: The Daily Campus