News

মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষোভের ডাক জামায়াতের

বীর মুক্তিযোদ্ধা ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। শুক্রবার (২ অক্টোবর) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিক্ষোভ মিছিলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

জানা গেছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা, বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি ডিএমপির পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তারকে ‘সাজানো মামলায় গ্রেপ্তার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে পুলিশ বলছে, বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে দায়ের করা মামলার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

source: The Daily Campus

Back to top button