Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী, জামিলের পর এবার মিলল বৃষ্টির মরদেহ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়েছে। বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান প্রান্ত আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তার বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে জানতে চাইলে জাহিদ হাসান প্রান্ত বলেন, “যুক্তরাষ্ট্রের পুলিশ আমাকে ফোন করে মৃত্যুর খবর জানায়। তারা জানান, বাসার ভেতরে রক্তের মধ্যে পাওয়া মৃতদেহের একটি অংশের সঙ্গে ডিএনএ মিল পাওয়া গেছে। তবে পূর্ণাঙ্গ মরদেহ পাওয়া যাবে কি না, তা নিশ্চিত নয়।”

নাহিদা সুলতানা বৃষ্টি নোবিপ্রবির অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) পিএইচডি করছিলেন।

গত ১৬ এপ্রিল থেকে নাহিদা বৃষ্টি ও তার পূর্বপরিচিত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার পর থেকেই মার্কিন পুলিশ ও এফবিআই তাদের সন্ধানে তদন্ত শুরু করে। শুক্রবার ফ্লোরিডার একটি ব্রিজ এলাকা থেকে প্রথমে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। জামিলের রুমমেটকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতেই এই উদ্ধার অভিযান চালানো হয়। পরবর্তী ধাপে বৃষ্টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

মেধাবী এই শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে নোবিপ্রবি ক্যাম্পাসে তার সহপাঠী ও শিক্ষকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বৃষ্টির পরিবারের সদস্যরা এই ঘটনাকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedhakadiary.com

Back to top button