Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

নির্বাচনের দিন থেকে এ পর্যন্ত বিএনপির হামলায় ১ হাজার নেতাকর্মী আহত

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন থেকে এখন পর্যন্ত বিপুল বিজয় পাওয়া বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রায় এক হাজার নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার সন্ধ্যায় রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনায় চিকিৎসাধীন নেয়াখালীর হাতিয়ায় নির্বাচনের দিন বিএনপির নেতাকর্মীদের হামলায় গুরতর আহত এনসিপির নেতাকর্মীদের দেখতে গিয়ে এ তথ্য জানান তিনি।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে তাদের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। এ সময় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে বলেও দাবি করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ভিন্নমতের জনগণের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। আর এই পরিস্থিতি বিএনপি উপভোগ করছে। সুতরাং এটি চলতে থাকলে এর পরিণতি কী হবে, তা আমরা চব্বিশ সালে দেখেছি। বিএনপির প্রতি আহ্বান থাকবে, আপনারা সন্ত্রাসীদের থামান এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।

আওয়ামী লীগের সময় যেভাবে ভোট চুরির নির্বাচনের পর যে তাণ্ডব দেখা যেত, এখনো একই ধরনের তাণ্ডব দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, আপনারা দেখেছেন জুলাই গণঅভ্যুত্থানের পর সারাদেশে ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছি। সারাদেশে আমাদের নেতাকর্মীরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে গেছে।

নতুন সরকারের শপথ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারত বড় বাধা। তাই নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোই উচিত।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyamardesh.com

Back to top button